মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › ২০২৭ সালে রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি

২০২৭ সালে রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি

favicon
ভোরের আলো ডেস্ক:
২০২৭ সালে রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি সোমবার পবিত্র রমজান মাস শুরু হতে পারে। একই পূর্বাভাসে আগামী বছরের ১০ মার্চ বুধবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হওয়ার সম্ভাবনার কথাও বলা হয়েছে। তবে রমজান ও ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে।


সম্প্রতি মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, হিজরি বর্ষপঞ্জি চন্দ্রভিত্তিক হওয়ায় প্রতিবছর রমজান আগের বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই ধারাবাহিকতায় ২০২৭ সালে রমজান আগের বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে শুরু হতে পারে।


জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখা গেলে ওই রাতে প্রথম তারাবির নামাজ আদায় করা হতে পারে। পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ।


সাধারণত রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদুল ফিতরের তারিখ নির্ধারিত হয়। বর্তমান হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ ঈদুল ফিতর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


ইসলামি বর্ষপঞ্জির নবম মাস রমজান মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ। এ মাসেই মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল শুরু হয়। রমজানে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে রোজা পালন করেন। পাশাপাশি নামাজ, কোরআন তিলাওয়াত, দান-সদকা ও আত্মসংযমের মাধ্যমে ধর্মীয় অনুশীলনে বিশেষ গুরুত্ব দেন।


তবে ৮ ফেব্রুয়ারিকে রমজান শুরুর সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনা করা হলেও এটিকে চূড়ান্ত ঘোষণা হিসেবে দেখার সুযোগ নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণা এবং চাঁদ দেখার ওপরই রোজা শুরুর প্রকৃত তারিখ নির্ভর করবে।