বুধবার , ২১ অক্টোবর ২০২৬
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › ইয়েমেনে পানির সংকটের শঙ্কা, ঝুঁকিতে ৩০ লাখ মানুষ

ইয়েমেনে পানির সংকটের শঙ্কা, ঝুঁকিতে ৩০ লাখ মানুষ

favicon
ভোরের আলো ডেস্ক:
ইয়েমেনে পানির সংকটের শঙ্কা, ঝুঁকিতে ৩০ লাখ মানুষ

ইয়েমেনের তাইজ অঞ্চলে সংঘাত তীব্র হওয়া ও জ্বালানির সংকটে পানির সরবরাহব্যবস্থা হুমকির মুখে পড়েছে। এতে অন্তত ১৬ লাখ শিশুসহ প্রায় ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ।


ইয়েমেনে ইউনিসেফের প্রতিনিধি আখিল আইয়ার জানান, তাইজ-আদেন করিডরসহ গুরুত্বপূর্ণ সরবরাহপথগুলোতে বিঘ্ন ঘটায় খাদ্য ও জ্বালানির সংকট দেখা দিয়েছে। একই সঙ্গে ট্রাকে করে সরবরাহ করা পানির দাম আগের তুলনায় তিন গুণ বেড়েছে। ফলে সাধারণ মানুষের জন্য নিরাপদ পানির সংস্থান করা ক্রমেই কঠিন হয়ে পড়ছে।


ইউনিসেফের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর থেকে সংঘাত তীব্র হওয়ার পর প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ তাইজ অঞ্চলে আশ্রয় নিয়েছেন। ইয়েমেনজুড়ে নতুন করে বাস্তুচ্যুত হওয়া মানুষের অর্ধেকেরও বেশি এই অঞ্চলে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।


সংঘাতের পাশাপাশি শিশুদের অপুষ্টি পরিস্থিতিও উদ্বেগজনক হয়ে উঠেছে। ইউনিসেফ জানায়, চলতি বছর তাইজে ১ লাখ ৬৮ হাজারের বেশি শিশুর পুষ্টি পরিস্থিতি পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ৫২ হাজারের বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে।


এদিকে ডিজেলের সংকটে পানির পাম্পগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে নিরাপদ পানির সরবরাহ আরও ব্যাহত হতে পারে। অন্যদিকে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে গমের আটার মজুত প্রায় শেষ হয়ে এসেছে বলে সতর্ক করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি।


আখিল আইয়ার বলেন, তাইজের শিশুরা বছরের পর বছর ধরে সংঘাত ও বঞ্চনার শিকার হচ্ছে। তাদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা পরিষেবাগুলো বন্ধ হয়ে গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।


সংঘাত, জ্বালানির সংকট, খাদ্যাভাব ও অপুষ্টির সম্মিলিত প্রভাবে তাইজের শিশু ও সাধারণ মানুষের মানবিক পরিস্থিতি আরও অবনতির ঝুঁকিতে রয়েছে।