আমিরাতের বিভিন্ন এলাকায় বাতাসে অস্বাভাবিক গন্ধ, অনুসন্ধান করছে কর্তৃপক্ষ
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিভিন্ন এলাকায় বাতাসে অস্বাভাবিক গন্ধ পাওয়া গেছে। গন্ধের উৎস ও প্রকৃতি শনাক্ত করতে কাজ করছে দেশটির জলবায়ু পরিবর্তন ও পরিবেশ মন্ত্রণালয়। এ জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
বুধবার (২১ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
মন্ত্রণালয় জানিয়েছে, দেশের বেশ কয়েকটি এলাকায় এই অস্বাভাবিক গন্ধ শনাক্ত হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং গন্ধের উৎস নির্ধারণে অনুসন্ধান চলছে।
কর্তৃপক্ষের প্রাথমিক মূল্যায়নে এখন পর্যন্ত উদ্বেগের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। গন্ধের তীব্রতা কমানো এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে মাঠপর্যায়ে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় কার্যক্রম চালানো হচ্ছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, পরিস্থিতির কোনো পরিবর্তন হলে কিংবা সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন দেখা দিলে জনগণকে দ্রুত জানানো হবে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হবে।
এদিকে, বাসিন্দাদের সরকারি ও অনুমোদিত সূত্র থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসরণ করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি এ বিষয়ে কোনো তথ্যের প্রয়োজন হলে নির্ভরযোগ্য সরকারি মাধ্যমের ওপর নির্ভর করতে বলা হয়েছে।