বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি দিলেন ইলন মাস্ক, বললেন ‘আসল মাথা’ খুঁজে বের করবেন

ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি দিলেন ইলন মাস্ক, বললেন ‘আসল মাথা’ খুঁজে বের করবেন

favicon
ভোরের আলো ডেস্ক:
ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি দিলেন ইলন মাস্ক, বললেন ‘আসল মাথা’ খুঁজে বের করবেন

যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা জয়ী হলে মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রধান ইলন মাস্কের কর্মকাণ্ড ও কথিত দুর্নীতি নিয়ে তদন্তের উদ্যোগ নিতে পারেন। এমন পরিকল্পনার খবর প্রকাশের পর ডেমোক্র্যাটদের পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন ধনকুবের ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্ক।


নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মাস্ক লেখেন, ‘যে তরবারি দিয়ে আঘাত করবে, সে তরবারির আঘাতেই মরবে।’ নির্বাচনে জয়ী হলে মাস্কের কর্মকাণ্ড তদন্তের বিষয়ে ডেমোক্র্যাটদের পরিকল্পনা নিয়ে সংবাদমাধ্যম পলিটিকোর প্রকাশিত একটি প্রতিবেদনের জবাবে তিনি এ মন্তব্য করেন।


একই পোস্টে মাস্ক আরও বলেন, যারা তাঁর সঙ্গে বিরোধে জড়াবেন, তাঁদের বুঝতে হবে যে তিনি নেপথ্যে থেকে কারা কলকাঠি নাড়ছেন, তা খুঁজে বের করবেন। শুধু অনুগত ব্যক্তিদের পেছনে না ছুটে তিনি সরাসরি মূল পরিকল্পনাকারীদের লক্ষ্য করবেন বলেও হুঁশিয়ারি দেন।


ইলন মাস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী এবং রিপাবলিকান পার্টির শীর্ষ অর্থদাতাদের একজন। স্পেসএক্সের পাশাপাশি বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলারও প্রধান তিনি। সরকারি বিভিন্ন চুক্তির মাধ্যমে তাঁর প্রতিষ্ঠানগুলো বড় অঙ্কের ব্যবসায়িক সুবিধা পেয়ে থাকে।


২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে পুনরায় ক্ষমতায় আনতে আর্থিক ও নীতিগত সহায়তা দিয়েছিলেন মাস্ক। পরে সরকারি ব্যয় কমানো এবং বিপুলসংখ্যক সরকারি কর্মচারী ছাঁটাইয়ের উদ্যোগেও নেতৃত্ব দেন তিনি। এসব কর্মকাণ্ড নিয়ে তাঁর ভূমিকা ও স্বার্থের সংঘাতের প্রশ্নে বিতর্ক রয়েছে।


বর্তমানে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ—উভয় কক্ষেই রিপাবলিকানদের নিয়ন্ত্রণ রয়েছে। তবে আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে চলে যেতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের পূর্বাভাস।


কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারলে ডেমোক্র্যাটরা গুরুত্বপূর্ণ তদন্ত কমিটিগুলোর নেতৃত্ব পাবেন। এসব কমিটির মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা এবং সাক্ষ্য দিতে বাধ্য করার সুযোগ তৈরি হতে পারে। সে ক্ষেত্রে মাস্কের কর্মকাণ্ড তদন্তের আওতায় আসতে পারে।


পলিটিকোর প্রতিবেদনে প্রভাবশালী ডেমোক্র্যাট সদস্য জো লোফগ্রেনের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, মাস্কের স্বার্থের সংঘাত ও সরকারি ক্ষমতার অপব্যবহার নিয়ে যেসব অভিযোগ সামনে এসেছে, সেগুলো অত্যন্ত উদ্বেগজনক।


তবে ডেমোক্র্যাটদের সম্ভাব্য তদন্তের পরিকল্পনা এবং মাস্কের পাল্টা হুঁশিয়ারি ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।