বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
হোমআইন ও আদালতসাংবাদিক মুন্নী সাহা ও তার স্বার্থসংশ্লিষ্ট ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বার্থসংশ্লিষ্ট ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

favicon
ভোরের আলো ডেস্ক:
সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বার্থসংশ্লিষ্ট ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

আদালতের আদেশে সাংবাদিক মুন্নী সাহা এবং তার স্বামী কবির হোসেনসহ স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত মোট ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এসব হিসাবে রয়েছে প্রায় ১৮ কোটি টাকা।

শনিবার (২৪ মে) সিআইডির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংবাদিকতা পেশার সুযোগ নিয়ে মুন্নী সাহা ও তার স্বামী বিধিবহির্ভূত প্রভাব খাটিয়ে প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছেন—এমন অভিযোগের ভিত্তিতে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা ২০১৯ অনুযায়ী তদন্ত শুরু করে।

তদন্তে দেখা যায়, মুন্নী সাহা, তার স্বামী কবির হোসেন এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে মোট ৪৬টি ব্যাংক হিসাব খোলা হয়েছিল, যার মধ্যে বর্তমানে ৩৫টি সক্রিয়। এসব হিসাব খোলার পর থেকে প্রায় ১৮৬ কোটি ৫৬ লাখ টাকা লেনদেন হয়েছে, যার মধ্যে বর্তমানে জমা রয়েছে ১৮ কোটি ১৬ লাখ টাকা।

সিআইডি জানায়, এসব লেনদেন সন্দেহজনক মনে হওয়ায় গত ৫ মে ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালতে আবেদন করা হয়। আদালত ওইদিনই ৩৫টি হিসাব অবরুদ্ধের আদেশ দেন। এরপর ব্যাংকগুলোতে চিঠি পাঠিয়ে হিসাবগুলো ফ্রিজ করা হয়।

সিআইডি আরও জানিয়েছে, বর্তমানে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।