রবিবার , ২৫ অক্টোবর ২০২৬
রবিবার , ২৫ অক্টোবর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › প্রায় তিন দিন পর চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

প্রায় তিন দিন পর চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

favicon
ভোরের আলো ডেস্ক:
প্রায় তিন দিন পর চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সাইবার নিরাপত্তাঝুঁকির কারণে প্রায় তিন দিন বন্ধ থাকার পর অবশেষে চালু হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। রোববার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে ওয়েবসাইটটি পুনরায় সচল হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।


এর আগে গত বৃহস্পতিবার জরুরি নিরাপত্তার কারণে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়। একই ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি পিএইচপি প্রোগ্রামিং ভাষায় তৈরি আরও কয়েকটি ব্যাংক ও প্রতিষ্ঠানের ওয়েবসাইটেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।


বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, জনতা ব্যাংকসহ কয়েকটি ব্যাংক ও প্রতিষ্ঠানের সার্ভারে রক্ষণাবেক্ষণের কাজ তখনও চলছিল।


কেন্দ্রীয় ব্যাংক জানায়, পিএইচপি প্রোগ্রামিং ভাষার নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি এড়াতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ওয়েবসাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এ সময়ে কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে যোগাযোগব্যবস্থা স্বাভাবিক ছিল।


পরে ওয়েবসাইটের নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা এবং শনাক্ত হওয়া দুর্বলতা সমাধানে কাজ শুরু করে কর্তৃপক্ষ। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পর ওয়েবসাইটটি পুনরায় চালু করা হয়।


বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত পিএইচপি প্রোগ্রামিং ভাষায় গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিভিন্ন দেশে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। এসব দুর্বলতা দূর করতে নিরাপত্তা প্যাচ প্রকাশ করা হলেও সেগুলো পুরোপুরি প্রয়োগের আগেই ত্রুটিগুলোর বিস্তারিত তথ্য প্রকাশ্যে চলে আসে। ফলে সম্ভাব্য সাইবার হামলা ঠেকাতে বিভিন্ন প্রতিষ্ঠান জরুরি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে।