বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › বিশ্ববাজারে টানা চতুর্থ দিনে কমল স্বর্ণের দাম

বিশ্ববাজারে টানা চতুর্থ দিনে কমল স্বর্ণের দাম

favicon
ভোরের আলো ডেস্ক:
বিশ্ববাজারে টানা চতুর্থ দিনে কমল স্বর্ণের দাম

বিশ্ববাজারে টানা চতুর্থ দিনের মতো কমেছে স্বর্ণের দাম। তেলের মূল্যবৃদ্ধির কারণে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ বাড়ার পাশাপাশি আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) নীতিনির্ধারণী বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন বিনিয়োগকারীরা। এসব কারণে মূল্যবান এই ধাতুর দামে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


বুধবার (২১ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৯টা ১৫ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে ৪ হাজার ১১৮ ডলার ১৮ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্যও শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৩৬ ডলার ২০ সেন্টে নেমে আসে।


বাজার বিশ্লেষকদের মতে, অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতির চাপ দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হারসংক্রান্ত নীতিতে কঠোর অবস্থান বজায় থাকার সম্ভাবনা বাড়ছে, যা স্বর্ণের দামের ওপর চাপ সৃষ্টি করতে পারে।


ডিএইচএফ ক্যাপিটাল এসএর প্রধান নির্বাহী ও সম্পদ ব্যবস্থাপক বাস কুইজম্যান বলেন, অপরিশোধিত তেলের দাম আবার বাড়তে শুরু করায় স্বর্ণের দাম আরও কিছুটা চাপের মুখে থাকতে পারে। তার মতে, তেলের মূল্যবৃদ্ধি মূল্যস্ফীতির চাপ বজায় রাখার পাশাপাশি কঠোর মুদ্রানীতির প্রত্যাশাকেও জোরালো করছে।


আগামী সপ্তাহে ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী বৈঠকে সুদের হার নিয়ে কী সিদ্ধান্ত আসে, সেদিকেও নজর রাখছেন বিনিয়োগকারীরা। বৈঠকের সিদ্ধান্ত ও ভবিষ্যৎ মুদ্রানীতির ইঙ্গিত বিশ্ববাজারে স্বর্ণের দামের পরবর্তী গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।