তিন আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে এলএনজি কিনবে সরকার
আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে তিনটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার উদ্যোগ নিয়েছে সরকার। প্রতিষ্ঠানগুলো হলো সিঙ্গাপুরের বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড, কাতার এনার্জি ট্রেডিং এলএলসি এবং জাপানের জেরা গ্লোবাল মার্কেটস প্রাইভেট লিমিটেড।
শনিবার (২৪ অক্টোবর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পৃথক বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন করা হয়। রোববার (২৫ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
### বিপির কাছ থেকে পাঁচ কার্গো এলএনজি
সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সরাসরি ক্রয় পদ্ধতিতে সিঙ্গাপুরের বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে পাঁচ কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রয়োজনে প্রতিষ্ঠানটি থেকে অতিরিক্ত এলএনজি সংগ্রহের সুযোগও রাখা হয়েছে।
এ ক্ষেত্রে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) গ্যাসের দাম জাপান-কোরিয়া বাজারদরের (জেকেএম) তুলনায় শূন্য দশমিক ১৭ মার্কিন ডলার কম নির্ধারণ করা হয়েছে।
সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয়বিধিমালা, ২০২৫-এর ৯৯(২) বিধি অনুসরণ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
### কাতার থেকে আসবে অতিরিক্ত এক কার্গো
একই বৈঠকে সরকার-টু-সরকার দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে অতিরিক্ত এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
আগামী ২০ ডিসেম্বর কার্গোটির সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ চালানের প্রতি এমএমবিটিইউ গ্যাসের দাম জেকেএম বাজারদরের তুলনায় শূন্য দশমিক ১০ মার্কিন ডলার কম রাখা হয়েছে।
### জেরা থেকে এলএনজি কেনার নীতিগত অনুমোদন
অন্যদিকে, অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জাপানের জেরা গ্লোবাল মার্কেটস প্রাইভেট লিমিটেড থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি কেনার প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ প্রস্তাব উত্থাপন করে।
এর ধারাবাহিকতায় বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এবং জেরা গ্লোবাল মার্কেটসের মধ্যে স্বল্পমেয়াদি এলএনজি বিক্রয় ও ক্রয় চুক্তি এবং শর্তপত্রের খসড়া চূড়ান্ত করে তা স্বাক্ষরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারের এ উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক বাজারদরের তুলনায় কম দামে এলএনজি সংগ্রহের পাশাপাশি দেশের জ্বালানি সরবরাহ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।