সোমবার , ২৬ অক্টোবর ২০২৬
সোমবার , ২৬ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › দেশে অস্থিরতা সৃষ্টির সুযোগ কোনো ফ্যাসিস্ট ও অপশক্তিকে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে অস্থিরতা সৃষ্টির সুযোগ কোনো ফ্যাসিস্ট ও অপশক্তিকে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

favicon
সাইফুল আলম মিরাজ
দেশে অস্থিরতা সৃষ্টির সুযোগ কোনো ফ্যাসিস্ট ও অপশক্তিকে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে অস্থিরতা সৃষ্টি করতে কোনো ফ্যাসিস্ট, পতিত শক্তি বা অপশক্তিকে সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হওয়া শক্তিগুলো আবারও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।


রোববার (২৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে দুর্গাপূজা উদযাপন নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।


ফ্যাসিস্ট শক্তির অপতৎপরতা ঠেকানোর ঘোষণা


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং দেশের শত শত মানুষকে হত্যা করেছে, তাদের বাংলাদেশে কোনো ধরনের অপতৎপরতা চালাতে দেওয়া হবে না।


সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশের বিষয়ে আলোচনা শোনা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, তাঁকে ফেরত পাওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কয়েক দফা অনুরোধপত্র পাঠানো হয়েছে। এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার।


সাজেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে


সাজেকের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পাহাড়ে একাধিক সশস্ত্র ও অন্যান্য গোষ্ঠীর মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে। পর্যটন মৌসুমকে কেন্দ্র করে প্রতিবছর তারা পাহাড়ের বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণের চেষ্টা করে।


তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে। সেনাবাহিনীও প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে এবং ভবিষ্যতেও নেবে। রাজনৈতিক পর্যায়ে এলাকার নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আলোচনা চলছে। স্থানীয় সংসদ সদস্যও তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন। পাহাড়ে শান্তি বজায় রাখতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।


গোপালগঞ্জে হামলার ঘটনায় ব্যবস্থা


গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং ছাত্রলীগ-যুবলীগের কিছু নেতা-কর্মী মিছিল করার চেষ্টা করেছিলেন বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।


তিনি বলেন, ওই এলাকায় টহলরত পুলিশের সংখ্যা কম ছিল। এ কারণে পুলিশ আক্রমণের শিকার হয়। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।


তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন


পরবর্তী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এ বিষয়ে রাজনৈতিক সমঝোতা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা হবে।


শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনের দাবি


এবার সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্প্রীতির সঙ্গে দুর্গাপূজা উদযাপন করেছেন বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনগণ ও সাংবাদিকদের ধন্যবাদ জানান তিনি।


সালাহউদ্দিন আহমদ বলেন, গত ১৫ থেকে ১৭ বছরে দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন দুর্ঘটনা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা হয়েছে। তবে এবার আগাম প্রস্তুতি, প্রযুক্তি ও অ্যাপের মাধ্যমে তৃণমূল পর্যায়ে নজরদারি করায় সম্ভাব্য নাশকতার পরিকল্পনা আগেই শনাক্ত করে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে।


সরকারি হিসাব অনুযায়ী, এবার দেশে সর্বোচ্চ ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হয়েছে।