আসিফ আকবরের গাড়িতে গুলি, অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) রাজধানীর হাতিরঝিল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলার এজাহার করেন তিনি।
গভীর রাতে গাড়িতে গুলিবর্ষণ
এজাহারে আসিফ আকবর উল্লেখ করেন, গত ২৪ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে নিজের ব্যক্তিগত গাড়ি নিয়ে মগবাজারের বিশাল মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত তাঁর অফিসে যান। এ সময় গাড়িটি মার্কেটের নিচে পার্কিংয়ে রাখা ছিল।
এজাহার অনুযায়ী, পরদিন ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে অফিসে অবস্থানকালে তিনি বিকট শব্দ শুনতে পান। পরে দ্রুত নিচে নেমে পার্কিংয়ে গিয়ে দেখতে পান, তাঁর গাড়ির পেছনের ডান পাশের দরজার কাচ ভাঙা।
সিসিটিভি ফুটেজে গুলিবর্ষণের অভিযোগ
পরে অফিসে ফিরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করেন আসিফ আকবর। এজাহারে তাঁর অভিযোগ, ফুটেজে দেখা যায়, মগবাজার থেকে ওয়ারলেসগামী ফ্লাইওভারের নিচের সড়ক দিয়ে আসা একটি অজ্ঞাতনামা সিএনজিচালিত অটোরিকশা থেকে এক ব্যক্তি নেমে বিশাল মার্কেটের পার্কিং এলাকায় যান।
এরপর ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্র দিয়ে তাঁর গাড়ির পেছনের ডান পাশের দরজার কাচ লক্ষ্য করে গুলি চালান। পরে অটোরিকশায় করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।
ঘটনাস্থল থেকে গুলির অংশবিশেষ উদ্ধার
এজাহারে বলা হয়েছে, ঘটনার পর হাতিরঝিল থানার পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে ব্যবহৃত গুলির একটি অংশবিশেষ উদ্ধার করে।
মামলার এজাহারে স্থানীয় কয়েকজনকে সাক্ষী হিসেবে উল্লেখ করেছেন আসিফ আকবর। অজ্ঞাতনামা ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে তাঁকে হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়েছেন এবং তাঁর গাড়ির কাচ ভেঙে ক্ষতিসাধন করেছেন বলে অভিযোগ করেন তিনি।
মামলা করতে দেরির কারণ
এজাহারে আসিফ আকবর আরও উল্লেখ করেন, ঘটনার পর পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে থানায় আসতে কিছুটা সময় লাগায় মামলা দায়েরে বিলম্ব হয়েছে।