সোমবার , ২৬ অক্টোবর ২০২৬
সোমবার , ২৬ অক্টোবর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › সাইবার হামলার চিহ্ন, এখনো চালু হয়নি জনতা ব্যাংকের ওয়েবসাইট

সাইবার হামলার চিহ্ন, এখনো চালু হয়নি জনতা ব্যাংকের ওয়েবসাইট

favicon
ভোরের আলো ডেস্ক:
সাইবার হামলার চিহ্ন, এখনো চালু হয়নি জনতা ব্যাংকের ওয়েবসাইট

সাইবার হামলার ঝুঁকির কারণে ওয়েবসাইট বন্ধ রাখার পরও রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইটে একাধিক হামলার চিহ্ন পাওয়া গেছে। এ কারণে রোববার (২৫ অক্টোবর) দুপুর দেড়টা পর্যন্ত ওয়েবসাইটটি সচল করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সাইটের নিরাপত্তাসংক্রান্ত সমস্যা সমাধানে কাজ চলছে।


রোববার দুপুরে জনতা ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে সেটি অচল দেখা যায়। সেখানে একটি বার্তায় জানানো হয়, সিস্টেম রক্ষণাবেক্ষণের কাজ চলছে এবং শিগগিরই ওয়েবসাইটটি চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য দুঃখও প্রকাশ করেছে জনতা ব্যাংক পিএলসি।


জনতা ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ওয়েবসাইটে দুটি সাইবার হামলার চিহ্ন পাওয়া গেছে। সেগুলো শনাক্ত করে সমস্যার সমাধানে কাজ চলছে। তাঁর আশা, রোববারের মধ্যেই ওয়েবসাইটটি সচল করা সম্ভব হবে।


### সাইবার নিরাপত্তাঝুঁকিতে ব্যাংকগুলোর ওয়েবসাইট


এদিকে সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িকভাবে বন্ধ রাখা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট রোববার সকাল ৮টা থেকে পুনরায় চালু হয়েছে। গত বৃহস্পতিবার থেকে ওয়েবসাইটটি বন্ধ ছিল।


বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রোববার কর্মদিবস হওয়ায় সার্বক্ষণিক পর্যবেক্ষণের সুবিধা বিবেচনায় ওয়েবসাইটটি চালু করা হয়েছে।


বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত পিএইচপি প্রোগ্রামিং ভাষায় দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সম্ভাব্য সাইবার হামলার বিষয়ে সতর্কতা জারি করে ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা এনিসাসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো।


গত ২১ অক্টোবর প্রকাশিত এক যৌথ সতর্কবার্তায় জানানো হয়, এসব নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে হামলাকারীরা আক্রান্ত সার্ভারে ক্ষতিকর কোড চালাতে পারে। তাই দ্রুত নিরাপত্তা হালনাগাদ করা সম্ভব না হলে ঝুঁকিতে থাকা ওয়েব অ্যাপ্লিকেশনগুলো সাময়িকভাবে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন রাখার পরামর্শ দেওয়া হয়।


এ পরিস্থিতিতে জনতা ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া হামলার চিহ্ন শনাক্ত করে নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং প্রয়োজনীয় মেরামতের কাজ চলছে।