চীন সফরে বিএনপির প্রতিনিধি দল, অংশ নিচ্ছেন আন্তর্জাতিক সম্মেলনে
চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে চীন সফরে গেছেন বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল। শনিবার (২৪ মে) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশে রওনা হন তারা। বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল।
২৫ ও ২৬ মে চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক দলগুলোর সঙ্গে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সংলাপ’ শীর্ষক এই আন্তর্জাতিক সম্মেলন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক (প্রোগ্রাম) ডা. শাহ মোহাম্মদ আমান উল্লাহ প্রতিনিধি দলে রয়েছেন।
সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি প্রতিনিধি দলটি চীনের বেইজিং ও ইউনান প্রদেশ সফর করবেন আগামী ৩১ মে পর্যন্ত। সফরের অংশ হিসেবে তারা চীনের আধুনিকায়ন প্রক্রিয়া ও উন্নয়নমূলক প্রকল্প ঘনিষ্ঠভাবে পরিদর্শনের সুযোগ পাবেন।
বিএনপির প্রতিনিধি দলের পাশাপাশি সম্মেলনে অংশ নিচ্ছেন দক্ষিণ-পূর্ব এশিয়া, উত্তর-পূর্ব এশিয়া এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপিসহ সাতটি রাজনৈতিক দলের একটি যৌথ প্রতিনিধি দল চীন সফর করেছিল। সে সফরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন।