মাদরাসা শিক্ষার আধুনিকায়ন মানে পোশাক নয়, সিলেবাস পরিবর্তন: শিক্ষামন্ত্রী
ধর্মীয় শিক্ষার গুরুত্ব বজায় রাখার পাশাপাশি মাদরাসা শিক্ষাব্যবস্থাকে আধুনিক করার ওপর জোর দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, মাদরাসা শিক্ষার আধুনিকায়ন বলতে পোশাক পরিবর্তন বোঝায় না; বরং সময়ের চাহিদা অনুযায়ী পাঠ্যসূচি আধুনিক করাই এর মূল লক্ষ্য।
সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের আয়োজনে ১৪তম হিফজুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দ্বীনি শিক্ষা থেকে পিছিয়ে যাওয়া কোনো জাতির জন্য কল্যাণকর নয়। আগামী দিনের শিক্ষাব্যবস্থায় ধর্মীয় শিক্ষার প্রতি যথাযথ গুরুত্ব দিতে হবে। তা না হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে না।
তিনি আরও বলেন, মাদরাসা শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বর্তমান সমাজের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে।
এ লক্ষ্যে মাদরাসার পাঠ্যসূচি আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ধর্মীয় শিক্ষার স্বকীয়তা বজায় রেখেই শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী করে তুলতে হবে।