বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানের প্রতি আহ্বান তারেক রহমানের
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও অগ্রযাত্রায় জাপানকে আরও ঘনিষ্ঠভাবে পাশে চায় বাংলাদেশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে জাপান-বাংলাদেশ শীর্ষ সম্মেলনে অংশ নেন দুই দেশের সরকারপ্রধান। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশ ও জাপানের সম্পর্ক গড়ে উঠেছে। দুই দেশের বন্ধুত্বকে অর্থনৈতিক সম্ভাবনা ও অভিন্ন সমৃদ্ধির শক্তিশালী ভিত্তিতে রূপান্তর করাই এখন প্রধান লক্ষ্য।
যৌথ সংবাদ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলা এবং বঙ্গোপসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা ও অভিন্ন সমৃদ্ধি এগিয়ে নেওয়ার বিষয়ে দুই দেশ গুরুত্ব দিয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশকে গভীরভাবে সমর্থন করে জাপান। বঙ্গোপসাগরকেন্দ্রিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী টোকিও।
বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও জাপান সহযোগিতা করবে বলে আশ্বাস দেন তাকাইচি। এ ছাড়া ‘বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট’ (বিগ-বি) উদ্যোগকে সময়োপযোগী করে তোলার বিষয়ে দুই দেশের ঐকমত্যের কথাও জানান তিনি।
এর আগে, শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান তারেক রহমান। সেখানে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়।
দুই দেশের এই বৈঠকে বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা, সামুদ্রিক নিরাপত্তা এবং বঙ্গোপসাগরীয় অঞ্চলের উন্নয়ন ও স্থিতিশীলতার বিষয়গুলো গুরুত্ব পায়।