জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আজ বৈঠক, বিনিয়োগে গুরুত্ব দিচ্ছেন তারেক রহমান
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে মেট্রোরেলসহ চলমান অবকাঠামো প্রকল্পের ব্যয় কমানো, ঋণের সুদের হার হ্রাস এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে দুই নেতা যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন বলে জানা গেছে।
চার দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের বিভিন্ন বহুজাতিক কোম্পানি, উন্নয়ন সংস্থা ও সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি দেশটির কয়েকটি কারখানা পরিদর্শনের কর্মসূচিও রয়েছে তাঁর।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরে জাপান থেকে ১২টি খাতে ১৩ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ সফরে দুই দেশের মধ্যে চার থেকে পাঁচটি সমঝোতা স্মারক সই হতে পারে বলে আশা করা হচ্ছে।
এর আগে, সোমবার জাপানে পৌঁছে বিভিন্ন বৈঠক ও সৌজন্য সাক্ষাতে ব্যস্ত সময় কাটান প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা), জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিইসি) এবং জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিরা।
এসব বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ, দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদার করা এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরির বিষয়টি গুরুত্ব পাচ্ছে।