আইনজীবী হতে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ, কার্যকর ২০৩০ থেকে
আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল। নতুন এ সিদ্ধান্ত কার্যকর হলে ৩৫ বছর বয়স পার হওয়ার পর কেউ আর নতুন করে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে পারবেন না।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদারের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ আগস্ট বার কাউন্সিলের সভায় আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য আবেদনকারীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে বর্তমানে এলএলবি অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নতুন নিয়মটি ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করা হবে। ফলে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা নির্ধারিত সময় পর্যন্ত প্রচলিত নিয়ম অনুযায়ী প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদন গ্রহণ, আবেদনকারীদের যোগ্যতা যাচাই এবং তালিকাভুক্তির পরবর্তী কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নির্ধারিত বয়সসীমা অনুসরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বার কাউন্সিলের এ সিদ্ধান্তের ফলে ভবিষ্যতে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে আগ্রহীদের বয়সসংক্রান্ত শর্তের বিষয়টি বিবেচনায় রেখে তাঁদের শিক্ষাজীবন ও পেশাগত প্রস্তুতি সম্পন্ন করতে হবে।