বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতি‘কোনো অদৃশ্য ইশারায় থমকে আছে কাঙ্ক্ষিত বিচারপ্রক্রিয়া’ — হাসনাত আব্দুল্লাহ

‘কোনো অদৃশ্য ইশারায় থমকে আছে কাঙ্ক্ষিত বিচারপ্রক্রিয়া’ — হাসনাত আব্দুল্লাহ

favicon
ভোরের আলো ডেস্ক:
‘কোনো অদৃশ্য ইশারায় থমকে আছে কাঙ্ক্ষিত বিচারপ্রক্রিয়া’ — হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ দাবি করেছেন, একটি অদৃশ্য ইশারায় গণহত্যা ও সহযোদ্ধাদের হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়া থমকে গেছে। শনিবার (২৪ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে হাসনাত লেখেন, “খুনি হাসিনার নির্দেশে বুলেটে বিদ্ধ হয়ে মাথার খুলি উড়ে যাওয়া ভাই হাসানের জানাজা আজ শহীদ মিনারে অনুষ্ঠিত হয়। জুলাই অভ্যুত্থানের সর্বশেষ শহীদ ছিলেন আমাদের সহযোদ্ধা হাসান, যিনি বুক টানটান করে দাঁড়িয়েছিলেন ‘হাসিনাশাহী’র বিরুদ্ধে।”

তিনি বলেন, “এত রক্ত, এত প্রাণের বিনিময়ে ফ্যাসিস্ট শক্তির হাত থেকে ক্ষমতা ছিনিয়ে আনার পর আমাদের প্রথম দায়িত্ব ছিল হত্যাকারীদের বিচার নিশ্চিত করা। কিন্তু, কোনো অদৃশ্য ইশারায় সেই কাঙ্ক্ষিত বিচার থমকে আছে। বিচার দাবি করলেই দীর্ঘসূত্রিতা চলে আসে, যুক্তি আর ব্যাখ্যার পাহাড় দাঁড় করানো হয়।”

হাসনাত তার পোস্টে আরও লিখেছেন, “এই অন্তর্বর্তী সরকার খুনি হাসিনার বিচার না করে কোথাও যেতে পারবে না। গণহত্যার মাস্টারমাইন্ডদের বিচারের মুখোমুখি না করে ড. আসিফ নজরুল স্যারও তার পদের দায় থেকে মুক্ত হবেন না।”

তিনি জোর দিয়ে বলেন, “জুলাইয়ের উত্তাল দিনে শহীদ হাসান ছিলেন আমাদের সহযোদ্ধা। আমরা তার হত্যার বিচার চাই। কেউ এই বিচার থেকে ফাঁকি দিতে পারবে না। আমরা ক্ষমা করব না।”

তিনি আরও লেখেন, “এই জানাজা শুধু বিদায়ের আনুষ্ঠানিকতা নয়—প্রতিটি জানাজা আমাদের কাছে একেকটি শপথ। মনে রাখবেন—আমরা ভুলব না, থামব না।”

হাসনাতের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তিনি তাঁর বক্তব্যে সরাসরি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায় আরোপ করেছেন, যার বিরুদ্ধে বিচার দাবির বিষয়টি এখন অন্তর্বর্তী সরকারের সামনে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।