ইরানে নতুন হামলার পরিকল্পনার মধ্যে মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত
ইরানে নতুন করে সামরিক হামলার পরিকল্পনা নিয়ে উত্তেজনার মধ্যে পেন্টাগনের শীর্ষ সামরিক পরিকল্পনাকারী লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়াকে বরখাস্ত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বার্তা সংস্থা এপি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
ব্রেট সিলভিয়াকে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের কৌশল, পরিকল্পনা ও নীতিবিষয়ক বিভাগের প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে তাঁকে বরখাস্ত করার কারণ এখনো প্রকাশ করা হয়নি। তাৎক্ষণিকভাবে তাঁর স্থলাভিষিক্ত কাউকেও নিয়োগ দেওয়া হয়নি।
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের অধীনে এই পদ থেকে চাকরিচ্যুত হওয়া দ্বিতীয় জেনারেল সিলভিয়া। এর আগে গত অক্টোবরে তাঁর পূর্বসূরি লেফটেন্যান্ট জেনারেল জোসেফ ম্যাকগিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।
ইরানে নতুন হামলার ইঙ্গিত ট্রাম্পের
এদিকে, ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর আট মাস পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের লক্ষ্য অর্জনে ‘কাজ শেষ করার’ ঘোষণা দিয়েছেন। আগামী সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে হামলা চালানো হতে পারে বলেও তিনি জানিয়েছেন।
ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও সম্ভাব্য মার্কিন সামরিক অভিযান এবং ইরানের পাল্টা হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোকে প্রস্তুত থাকতে বলেছে ওয়াশিংটন।
মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি
নতুন করে সামরিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কার মধ্যে মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি মার্কিন বিমানবাহী রণতরী এবং আরও কয়েক হাজার সেনা পাঠানো হচ্ছে।
এ পরিস্থিতিতে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের পরবর্তী সামরিক পদক্ষেপ কী হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সম্ভাব্য হামলা ও পাল্টা হামলার আশঙ্কায় পুরো মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।