সোমবার , ০২ নভেম্বর ২০২৬
সোমবার , ০২ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › প্রশিক্ষণের জ্ঞান কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

প্রশিক্ষণের জ্ঞান কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

favicon
ভোরের আলো ডেস্ক:
প্রশিক্ষণের জ্ঞান কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

যুবশক্তিকে কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ, সরকারি অনুদানসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়িয়েছে বর্তমান সরকার।


রোববার (১ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা যুব উন্নয়ন কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


যুবকদের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, প্রশিক্ষণ নিয়ে ঘরে বসে থাকলে চলবে না। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। তরুণেরা নিজেদের যোগ্যতা ও দক্ষতা কাজে লাগিয়ে প্রতিষ্ঠিত হতে পারলে দেশও সমৃদ্ধ হবে।


এআই ব্যবহারে নৈতিকতার ওপর গুরুত্ব


বর্তমানে সর্বত্র কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, এআই ভালো কাজে ব্যবহার করতে হবে, খারাপ কাজে নয়। অসৎ উপায়ে সাময়িক লাভ পাওয়া গেলেও ভালো কাজের সুফল দীর্ঘস্থায়ী হয়।


তিনি তরুণদের প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি নিজেদের দক্ষতা ও সৃজনশীলতা বাড়ানোর আহ্বান জানান।


**নিজেকে এমনভাবে গড়ুন, যেন অর্থ আপনার পেছনে ছোটে**


যুবকদের আত্মনির্ভরশীল হওয়ার পরামর্শ দিয়ে আফরোজা খানম রিতা বলেন, অর্থের পেছনে না ছুটে নিজেদের এমনভাবে গড়ে তুলতে হবে, যেন অর্থই তাঁদের পেছনে ছোটে।


তিনি আরও বলেন, দক্ষতা অর্জন, প্রশিক্ষণের যথাযথ প্রয়োগ এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে।


জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পুলিশ সুপার সারওয়ার আলম, সিভিল সার্জন আইভি ফেরদৌসী এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহীদুল ইসলাম।