ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন
শিল্পকারখানায় কর্মরত শ্রমিকদের ন্যূনতম বেতন-মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। শ্রমিক অসন্তোষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন কারখানার শ্রমিকরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একদল শ্রমিক মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন। পরে সেখানে শ্রমিকদের সংখ্যা বাড়তে থাকে। এতে মহাসড়কের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, হাজারো শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থান নিয়েছেন। ফলে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং যান চলাচল স্বাভাবিক করতে শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।
গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল করিম ভূঁইয়া জানান, পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিকে কেন্দ্র করে চলমান শ্রম অসন্তোষ নিরসনে জেলায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতোমধ্যে দায়িত্ব পালন শুরু করেছেন।
শ্রমিকদের দাবি ও চলমান আন্দোলনকে কেন্দ্র করে গাজীপুরের শিল্পাঞ্চলে উত্তেজনা বিরাজ করছে।