সোমবার , ০২ নভেম্বর ২০২৬
সোমবার , ০২ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › সভাপতির ছেলের এইচএসসি পাসের খবর ভাইরাল, বিলুপ্ত চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি

সভাপতির ছেলের এইচএসসি পাসের খবর ভাইরাল, বিলুপ্ত চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি

favicon
ভোরের আলো ডেস্ক:
সভাপতির ছেলের এইচএসসি পাসের খবর ভাইরাল, বিলুপ্ত চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খানের ছেলের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। তবে কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির কারণ হিসেবে মেয়াদোত্তীর্ণ হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।


রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা শাখার কমিটির মেয়াদ শেষ হওয়ায় সেগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই এই দুই সাংগঠনিক ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।


ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


এদিকে, ২০১৮ সালে শাহজাহান খানকে সভাপতি এবং মোমিনুর রহমান মোমিন মালিতাকে সাধারণ সম্পাদক করে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছিল। এরপর জেলায় নতুন কোনো কমিটি গঠন করা হয়নি।


জানা গেছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে উত্তীর্ণ হয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খানের ছেলে জোনায়েব ইসলাম মাহি। ছেলের সাফল্যে আনন্দ প্রকাশ করে শাহজাহান খান নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছেলের ছবি দিয়ে একটি পোস্ট করেন।


ওই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। অনেক অনেক ভালোবাসা, দোয়া ও শুভকামনা রইল বাজান।’


পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এর মধ্যেই চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্তির ঘোষণা আসে।