মঙ্গলবার , ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার , ০৩ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › ৩০ হাজার টাকা মজুরির দাবিতে মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ, গ্রেপ্তার ২৯

৩০ হাজার টাকা মজুরির দাবিতে মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ, গ্রেপ্তার ২৯

favicon
ভোরের আলো ডেস্ক:
৩০ হাজার টাকা মজুরির দাবিতে মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ, গ্রেপ্তার ২৯

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর অভিমুখে দুই দফায় মিছিল নিয়ে জড়ো হওয়ার চেষ্টা করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পুলিশের সতর্ক অবস্থানের মধ্যে বর্তমানে মিরপুর-১০ এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।


সোমবার (৩ অক্টোবর) সকাল থেকে মিরপুর-২, মিরপুর-১১ ও রূপনগরসহ বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের দিকে যাওয়ার চেষ্টা করেন শ্রমিকরা। এ সময় পুলিশ তাঁদের বাধা দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।


পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই মিরপুর-১০ নম্বর গোলচত্বরে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। সেখানে জলকামান ও প্রিজন ভ্যান রাখা হয়। পাশাপাশি মিরপুর-১১, ১৩ ও ১৪ নম্বর এলাকার পোশাক কারখানাগুলোর আশপাশে নজরদারি বাড়ানো হয়।


মিরপুর স্টেডিয়ামসংলগ্ন এলাকা থেকে দুই দফায় মিছিল নিয়ে মিরপুর-১০ অভিমুখে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। তবে দুইবারই তাঁদের বাধা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার মহিদুল ইসলাম জানান, মিরপুর বিভাগের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় পাঁচটি মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


তিনি আরও বলেন, আন্দোলনের নামে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।