শ্রমিকদের উসকানি দিয়ে রাস্তায় নামানোর চেষ্টা চলছে: রিজভী
শ্রমিকদের নানা ধরনের উসকানি দিয়ে রাস্তায় নামানোর চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। তিনি অভিযোগ করেছেন, এসব কর্মকাণ্ডের পেছনে পতিত শক্তি ও বিরোধী রাজনৈতিক শক্তির ইন্ধন রয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিকেলে সিলেট নগরীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
**দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে**
রিজভী বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে, যা এখন জনগণের কাছে স্পষ্ট। দেশের রাজনৈতিক বিষয়গুলো সংসদে কিংবা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। কিন্তু সে পথে না গিয়ে লংমার্চসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উসকানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে। এতে জনমনে নানা প্রশ্ন তৈরি হচ্ছে।
তিনি আরও জানান, গতকাল ঘটনাস্থল থেকে ছাত্রলীগ ও যুবলীগের ১১ নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
**‘আরেকটি বিপ্লব’ প্রসঙ্গে যা বললেন রিজভী**
জামায়াতে ইসলামীর আমিরের ‘আরেকটি বিপ্লব দরজায় কড়া নাড়ছে’—এমন বক্তব্যের প্রসঙ্গে রিজভী বলেন, একটি সরকারের বয়স মাত্র আট মাস। এরই মধ্যে সরকার দেশের অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ও বিনিয়োগ বাড়াতে কাজ করছে।
তিনি বলেন, দেশের বাইরে গিয়ে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর এবং বিনিয়োগ আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব বিষয় উপেক্ষা করে অপপ্রচারের মাধ্যমে নানা ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। যারা বিপ্লবের কথা বলছেন, তাঁদের অতীত ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে।
বিএনপির আন্দোলনের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, দলটি গণতন্ত্র ও নীতি-আদর্শ প্রতিষ্ঠার জন্য ১৭ বছর প্রকাশ্যে আন্দোলন করেছে। এ আন্দোলনে অনেক নেতাকর্মী জীবন দিয়েছেন এবং রক্ত ঝরেছে।
**জ্বালানি সংকট মোকাবিলায় উদ্যোগের কথা তুলে ধরেন**
রিজভী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুৎ, সার ও গ্যাসের সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।
সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশে স্থিতিশীল পরিবেশ বজায় রাখার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি। তবে তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে নানা ধরনের উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে।
রিজভী আরও বলেন, পরাজিত শক্তি দেশের বাইরে থেকে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশের ভেতরেও কিছু রাজনৈতিক শক্তি নতুন সরকারকে অস্থিতিশীল করা এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।