বুধবার , ০৪ নভেম্বর ২০২৬
বুধবার , ০৪ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › কালিয়াকৈরে বাড়ি ও ফ্ল্যাট মালিকদের সতর্ক করে পৌরসভার গণবিজ্ঞপ্তি

কালিয়াকৈরে বাড়ি ও ফ্ল্যাট মালিকদের সতর্ক করে পৌরসভার গণবিজ্ঞপ্তি

favicon
ভোরের আলো ডেস্ক:
কালিয়াকৈরে বাড়ি ও ফ্ল্যাট মালিকদের সতর্ক করে পৌরসভার গণবিজ্ঞপ্তি

গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে বাড়ি ও ফ্ল্যাট মালিকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি জারি করেছে পৌরসভা। ভাড়াটিয়াদের বাসায় কোনো বহিরাগত ব্যক্তি কিংবা অপরাধ চক্রের সদস্য অবস্থান করলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।


সোমবার (২ নভেম্বর) কালিয়াকৈর পৌরসভার পক্ষ থেকে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এতে স্বাক্ষর করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচএম ফখরুল হোসাইন।


গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাড়ি বা ফ্ল্যাটের ভাড়াটিয়ারা নিজ পরিবারের সদস্যদের বাইরে অন্য কোনো বহিরাগত ব্যক্তিকে আশ্রয় দিলে কিংবা কোনো বহিরাগত অপরাধ চক্রের সদস্য বাসা ভাড়া নিয়ে অবস্থান করলে তা দ্রুত কালিয়াকৈর থানা অথবা উপজেলা প্রশাসনকে জানাতে হবে।


এ বিষয়ে বাড়ির মালিকদের বিশেষভাবে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সংশ্লিষ্ট বাড়ির মালিকদের দায়ভার বহন করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


গণবিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতি জরুরি’ হিসেবে উল্লেখ করে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।


এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম ফখরুল হোসাইন বলেন, শ্রমিকদের মধ্যে বহিরাগতরা প্রবেশ করে যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতেই গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।


উল্লেখ্য, গত কয়েক দিন ধরে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ চলছে। বিশেষ করে কালিয়াকৈর এলাকায় এ আন্দোলনের প্রভাব বেশি পড়েছে।