বুধবার , ০৪ নভেম্বর ২০২৬
বুধবার , ০৪ নভেম্বর ২০২৬
হোম › রাজনীতি › পুরোনো ফ্যাসিবাদী কায়দায় শ্রমিকদের নিয়ন্ত্রণ করতে চাইছে সরকার: হান্নান মাসউদ

পুরোনো ফ্যাসিবাদী কায়দায় শ্রমিকদের নিয়ন্ত্রণ করতে চাইছে সরকার: হান্নান মাসউদ

favicon
ভোরের আলো ডেস্ক:
পুরোনো ফ্যাসিবাদী কায়দায় শ্রমিকদের নিয়ন্ত্রণ করতে চাইছে সরকার: হান্নান মাসউদ

সরকার পুরোনো ফ্যাসিবাদী কায়দায় শ্রমিকদের নিয়ন্ত্রণ করতে চাইছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক আবদুল হান্নান মাসউদ। শ্রমিক অসন্তোষের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের অপরিপক্ব সিদ্ধান্তকে দায়ী করেছেন তিনি।


মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন হান্নান মাসউদ।


তিনি বলেন, গত নয় মাসে ব্যাংক লুট, টেন্ডারবাজি ও চাঁদাবাজি নিয়েই ব্যস্ত রয়েছে সরকার। একই সঙ্গে বিরোধী মত দমনের কাজেও ব্যস্ত দলটি। শ্রমিক অসন্তোষের পেছনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অপরিপক্ব সিদ্ধান্তই একমাত্র দায়ী বলে মন্তব্য করেন তিনি।


এনসিপির এই নেতা আরও বলেন, এমন সব উপদেষ্টা ও মন্ত্রীকে নিয়োগ দেওয়া হয়েছে, যাঁরা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। সরকার বারবার লুটেরা গোষ্ঠীকে সুযোগ করে দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।


দেশের প্রতিটি খাতে অস্থিতিশীলতা তৈরি হয়েছে উল্লেখ করে হান্নান মাসউদ বলেন, গ্যাস ও চালের দাম যে হারে বেড়েছে, তার সঙ্গে শ্রমিকদের বেতন সমন্বয় করতে হবে। মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের বেতন বাড়ানোর দাবি জানান তিনি।


শ্রমিক আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, যেকোনো আন্দোলন হলেই সরকার সেখানে নিষিদ্ধ দল খুঁজে পায়। অথচ বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।


হান্নান মাসউদ বলেন, আওয়ামী লীগের ইন্ধনের দায় শ্রমিকদের ওপর চাপানো যাবে না।