আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হব’: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের জনগণ তাঁর ওপর বিরক্ত হয়ে গেলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রসিকতার ছলে দেওয়া এ মন্তব্যে তিনি দাবি করেন, ইসরায়েলে তাঁর জনপ্রিয়তার হার ৯৯ শতাংশ। তবে নিজের এই দাবির পক্ষে কোনো জনমত জরিপের তথ্য উপস্থাপন করেননি তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট গ্রহণের দিন ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প।
সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলে তাঁর জনপ্রিয়তা ৯৯ শতাংশ। যুক্তরাষ্ট্রের মানুষ যদি তাঁর ওপর বিরক্ত হয়ে যায়, তাহলে তিনি ইসরায়েলে চলে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী হবেন।
একই সাক্ষাৎকারে ইসরায়েলকে দেওয়া মার্কিন আর্থিক সহায়তা বন্ধের পরিকল্পনার কথাও জানান ট্রাম্প। তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এ বিষয়ে তাঁর একটি সমঝোতা হয়েছে। এর আওতায় চলতি বছরের শেষ নাগাদ ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের আর্থিক সহায়তা দেওয়া বন্ধ করবে যুক্তরাষ্ট্র।
ট্রাম্পের দাবি, ইসরায়েলের এখন আর এই অর্থের প্রয়োজন নেই। তবে ভবিষ্যতে দেশটির প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র সহায়তা দিতে প্রস্তুত থাকবে।
তিনি আরও বলেন, ইসরায়েলকে মার্কিন সহায়তা দেওয়ার বিষয়টি সামনে এনে কিছু ডেমোক্র্যাট ও বামপন্থি রাজনীতিক রিপাবলিকানদের সমালোচনা করছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে ট্রাম্পের এমন মন্তব্য অবশ্য নতুন নয়। গত মে মাসেও একই ধরনের কথা বলেছিলেন তিনি। সে সময়ও ইসরায়েলিদের মধ্যে নিজের জনপ্রিয়তা ৯৯ শতাংশ বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে, ট্রাম্পের সর্বশেষ মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন মধ্যবর্তী নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক পরীক্ষার মুখে রয়েছে তাঁর প্রশাসন। এবারের নির্বাচনে মার্কিন প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সব কটি এবং সিনেটের ৩৫টি আসনে ভোট অনুষ্ঠিত হচ্ছে।
কংগ্রেসের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে নির্বাচনে লড়ছে ডেমোক্র্যাটরা। দলটি কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারলে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের নীতিনির্ধারণ ও প্রশাসনিক কার্যক্রমের ওপর আরও বেশি নজরদারি ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ পাবে।