মার্কিন কর্মকর্তাদের কাছে ৭০০ হুমকিমূলক চিঠি, এফবিআইয়ের হাতে গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মকর্তাদের কাছে ৭০০টির বেশি সন্দেহজনক ও হুমকিমূলক চিঠি পাঠানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। চিঠিগুলোর সঙ্গে সাদা রঙের গুঁড়াজাতীয় পদার্থ পাঠানো হয়েছিল বলে জানিয়েছে তদন্ত সংস্থা।
গ্রেপ্তার ব্যক্তির নাম রবিন প্যাট্রিক মার্টিন। ৬৭ বছর বয়সী এই ব্যক্তি ওকলাহোমা সিটির বাসিন্দা।
তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী, চিঠিগুলোতে মার্কিন নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি প্রাপকদের রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করার হুমকি দেওয়া হয়। এমনকি আরও ভয়াবহ পরিণতির মুখোমুখি হওয়ার ভয়ও দেখানো হয়েছিল।
মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের একটি জেলা আদালতে প্রথমবারের মতো হাজির করা হয় মার্টিনকে। এর আগের দিন তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার, ভুয়া আতঙ্ক সৃষ্টি এবং হুমকিমূলক বার্তা ডাকযোগে পাঠানোর অভিযোগ আনা হয়েছে।
মার্কিন প্রসিকিউটরদের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি কয়েকশ সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তির কাছে এসব চিঠি পাঠিয়েছেন। চিঠির প্রাপকদের মধ্যে মার্কিন কংগ্রেসের সদস্য ছাড়াও নির্বাচনী জরিপ, ভোটগ্রহণ ও নির্বাচনসংক্রান্ত বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত ব্যক্তিরা রয়েছেন।
চিঠির সঙ্গে সাদা রঙের একধরনের গুঁড়াজাতীয় পদার্থ থাকায় প্রাথমিকভাবে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। নির্বাচনের আগে এ ধরনের হুমকিমূলক চিঠি পাঠানোর ঘটনায় দেশটির নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা ও নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।