মঙ্গলবার , ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার , ০৩ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › পশ্চিম তীরে আল জাজিরার সাংবাদিক মুনতাসের নাসসারকে আটক করল ইসরায়েলি বাহিনী

পশ্চিম তীরে আল জাজিরার সাংবাদিক মুনতাসের নাসসারকে আটক করল ইসরায়েলি বাহিনী

favicon
ভোরের আলো ডেস্ক:
পশ্চিম তীরে আল জাজিরার সাংবাদিক মুনতাসের নাসসারকে আটক করল ইসরায়েলি বাহিনী

অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে বাড়িতে অভিযান চালিয়ে আল জাজিরার সাংবাদিক মুনতাসের নাসসারকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার (৩ নভেম্বর) স্থানীয় সময় ভোরে হেবরন শহরের কাছে দুরা এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর চোখ বাঁধা ও হাতে হাতকড়া পরানো ছিল। পরে তাঁকে একটি সামরিক যানে তুলে নিয়ে যায় ইসরায়েলি সেনারা।


আটকের একটি ভিডিওতে দেখা যায়, চোখ বাঁধা ও হাতকড়া পরা অবস্থায় নাসসারকে সামরিক যানের দিকে নিয়ে যাচ্ছেন ইসরায়েলি সেনারা।


আল জাজিরাকে বিভিন্ন সূত্র জানিয়েছে, মঙ্গলবার দুরা এলাকায় অভিযান চালিয়ে নাসসারসহ ১৩ জনের বেশি ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। পরে তাঁদের অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।


এর আগেও দুরা এলাকায় সংবাদ সংগ্রহের সময় ইসরায়েলি বাহিনীর হামলার শিকার হয়েছিলেন নাসসার ও তাঁর ক্যামেরাপারসন। ২০২৩ সালের ২৯ ডিসেম্বর তাঁদের ওপর হামলা চালানো হলে দুজনের শরীরেই আঘাত ও কালশিটের চিহ্ন দেখা যায়।


ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর ইসরায়েলি বাহিনীর চাপ ও হয়রানি বাড়ার অভিযোগের মধ্যেই সর্বশেষ আটকের ঘটনা ঘটল।


ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়নের তথ্য অনুযায়ী, শুধু গত আগস্ট মাসেই ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে সংবাদমাধ্যমকর্মীদের অধিকার লঙ্ঘনের ৮৪টি অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। এসব ঘটনার মধ্যে সাংবাদিকদের আটক এবং হেফাজতে মৃত্যুর ঘটনাও রয়েছে।


এর আগে গত সপ্তাহে হেবরনে আল-গাদ টেলিভিশনের কার্যালয়ে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এ ছাড়া ২০২৪ সালে পশ্চিম তীরের রামাল্লায় আল জাজিরার ব্যুরো কার্যালয়ে অভিযান চালিয়ে সেটি বন্ধ করে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ।


ফিলিস্তিনি ভূখণ্ডে সাংবাদিকদের কাজের স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে আল জাজিরার সাংবাদিক মুনতাসের নাসসারকে আটকের ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।