মঙ্গলবার , ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার , ০৩ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › ইউক্রেনে স্কুলে রাশিয়ার বিমান হামলা, নিহত ২৬

ইউক্রেনে স্কুলে রাশিয়ার বিমান হামলা, নিহত ২৬

favicon
ভোরের আলো ডেস্ক:
ইউক্রেনে স্কুলে রাশিয়ার বিমান হামলা, নিহত ২৬

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলের একটি গ্রামে রাশিয়ার বিমান হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) একটি স্কুলে চালানো এ হামলায় নিহতদের মধ্যে উদ্ধারকর্মী ও পুলিশ সদস্যও রয়েছেন। স্কুলটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে মানবিক সহায়তা বিতরণের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।


রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, নিহতদের মধ্যে দুজন উদ্ধারকর্মী এবং চারজন পুলিশ সদস্য রয়েছেন। এ ঘটনায় আহত পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে দুজন উদ্ধারকর্মী।


ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, প্রতি সোমবার ওই স্কুলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করা হতো। হামলার সময়ও সেখানে সহায়তা নিতে অনেক মানুষ জড়ো হয়েছিলেন।


জেলেনস্কির ভাষ্য অনুযায়ী, প্রথমে স্কুলটিকে লক্ষ্য করে কয়েকটি বোমা নিক্ষেপ করা হয়। পরে আশ্রয়কেন্দ্র লক্ষ্য করে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়।


এ হামলার নিন্দা জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়া শান্তির পরিবর্তে মানুষ হত্যা করছে।


জাপোরিঝঝিয়া সিটি কাউন্সিলের কর্মকর্তা রেজিনা খারচেঙ্কো জানিয়েছেন, হামলার পর ২৭ জন নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন জরুরি বিভাগের কর্মীরা।


এদিকে, এ হামলার পর আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় রাশিয়ার অংশগ্রহণ বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা। তিনি এ বিষয়ে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোর পদক্ষেপ কামনা করেছেন।