যুক্তরাষ্ট্র নতুন হামলা চালালে জবাব হবে আরও কঠোর: ইরান
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে কোনো সামরিক অভিযান চালানো হলে তার জবাব আগের চেয়ে আরও কঠোর ও বিস্তৃত হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, নতুন করে যুদ্ধ শুরু হলে সংঘাত শুধু পশ্চিম এশিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না; এর প্রভাব বিশ্বের অন্যান্য অঞ্চলও ছড়িয়ে পড়তে পারে।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, যুক্তরাষ্ট্র ভবিষ্যতে নতুন কোনো সামরিক অভিযান চালালে আগের যেকোনো সময়ের তুলনায় আরও কঠোর ও বিস্তৃত আক্রমণের মুখে পড়বে। নতুন সংঘাতের ভৌগোলিক পরিসর পশ্চিম এশিয়ার বাইরে ছড়িয়ে পড়ার আশঙ্কাও প্রকাশ করেন তিনি।
আকরামিনিয়া জানান, সম্ভাব্য সংঘাত মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী শত্রুপক্ষের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্তু করার তালিকা হালনাগাদ করছে। নতুন করে যুদ্ধ শুরু হলে বিশ্বের যেকোনো স্থানে থাকা যুক্তরাষ্ট্রের স্থাপনা, সামরিক সরঞ্জাম, সেনাসদস্য এবং দেশটির স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে।
এদিকে ইরানের পশ্চিম সীমান্তে স্থলপথে নতুন একটি রণক্ষেত্র তৈরির চেষ্টা করা হয়েছিল বলেও দাবি করেছেন এই সামরিক মুখপাত্র।
তাঁর অভিযোগ, উত্তর ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে অবস্থানরত ইরানবিরোধী গোষ্ঠীগুলোকে অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ করে এ পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেছিল শত্রুপক্ষ।
তবে ইরানের সামরিক ইউনিট মোতায়েন এবং ওই গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য করে আগাম অভিযান চালানোর মাধ্যমে পরিকল্পনাটি নস্যাৎ করা হয়েছে বলে দাবি করেন আকরামিনিয়া।
তিনি আরও জানান, সম্ভাব্য হুমকি মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। দেশের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে—এমন শত্রুপক্ষের অবস্থান ও স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার প্রস্তুতিও অব্যাহত রয়েছে।