বুধবার , ০৪ নভেম্বর ২০২৬
বুধবার , ০৪ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে একাধিক অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে একাধিক অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু

favicon
ভোরের আলো ডেস্ক:
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে একাধিক অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দেশটির পূর্ব উপকূলীয় অঞ্চলের একাধিক অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টায় নিউইয়র্ক, নিউ জার্সি, ভার্জিনিয়া, মেইন ও কেন্টাকিতে আনুষ্ঠানিকভাবে ভোটকেন্দ্র খুলে দেওয়া হয়।


এর এক ঘণ্টা আগে স্থানীয় সময় সকাল ৫টায় ভারমন্টে ভোটগ্রহণ শুরু হয়। অন্যদিকে, নর্থ ক্যারোলাইনা, ওহাইও ও ওয়েস্ট ভার্জিনিয়ায় সকাল সাড়ে ৬টায় ভোটগ্রহণ শুরুর কথা রয়েছে।


যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে সময় অনুযায়ী ধাপে ধাপে ভোটকেন্দ্র খুলছে। ফলে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নির্বাচনে ভোটারদের অংশগ্রহণও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।


এবারের নির্বাচনে ভোটাররা এমন প্রার্থীদের বেছে নেবেন, যাঁদের জয়-পরাজয়ের ওপর মার্কিন কংগ্রেসের ক্ষমতার ভারসাম্য নির্ভর করছে। পাশাপাশি কয়েকটি অঙ্গরাজ্যের গভর্নরও নির্বাচিত করবেন ভোটাররা।


রাজনৈতিক বিশ্লেষকদের কাছে এবারের মধ্যবর্তী নির্বাচন বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, নির্বাচনের ফলাফল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি দেশটির পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক অঙ্গনেও প্রভাব ফেলতে পারে।