মার্কিন কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার ডেমোক্র্যাটদের
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষ—প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। বুধবার (৪ নভেম্বর) প্রকাশিত পূর্বাভাসে দলটির এই ঐতিহাসিক জয়ের তথ্য জানানো হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বরাতে এ খবর প্রকাশ করা হয়েছে।
নির্বাচনে টেক্সাস, কানসাস ও সাউথ ক্যারোলিনার মতো রিপাবলিকানদের শক্ত ঘাঁটিতেও জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। কানসাসে ১৯৩২ সালের পর এবং টেক্সাসে ১৯৯৪ সালের পর এই প্রথম কোনো ডেমোক্র্যাট প্রার্থী জয়ী হয়েছেন।
বিশ্লেষকদের মতে, মূল্যস্ফীতি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি এবং ইরান যুদ্ধের প্রভাব ভোটারদের মধ্যে রিপাবলিকানদের প্রতি অসন্তোষ বাড়িয়েছে। সিএনএনের এক জরিপে দেখা গেছে, ৬০ শতাংশের বেশি ভোটার প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন।
প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের জয় প্রত্যাশিত থাকলেও সিনেটে দলটির সংখ্যাগরিষ্ঠতা অর্জনকে বড় চমক হিসেবে দেখা হচ্ছে। কারণ, সিনেটের নিয়ন্ত্রণ পেতে ওহাইও, আইওয়া ও সাউথ ক্যারোলিনার মতো কঠিন নির্বাচনী এলাকাগুলোতে জয় পাওয়া প্রয়োজন ছিল।
কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ পাওয়ায় ট্রাম্প প্রশাসনের ওপর নজরদারি ও তদন্ত পরিচালনার ক্ষেত্রে বাড়তি ক্ষমতা পাবে ডেমোক্র্যাটরা। তারা চাইলে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তদন্ত শুরু করতে পারবে। পাশাপাশি বিচার বিভাগ ও সুপ্রিম কোর্টে প্রেসিডেন্টের মনোনয়ন প্রক্রিয়াও বাধাগ্রস্ত করার সুযোগ পাবে।
এই ফলাফল ট্রাম্প প্রশাসনের জন্য কংগ্রেসে রাজনৈতিক চ্যালেঞ্জ বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে।