আন্তর্জাতিক আদালতে নতুন পাঁচ বিচারক নির্বাচিত, দায়িত্ব শুরু ফেব্রুয়ারিতে
জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) নতুন পাঁচজন বিচারক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত গোপন ভোটাভুটিতে তারা নির্বাচিত হন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেয়ে প্রথম দফায় চারজন বিচারক নির্বাচিত হন। তবে পঞ্চম বিচারকের পদ পূরণ করতে কয়েক দফা ভোটাভুটির প্রয়োজন হয়।
নতুন নির্বাচিত পাঁচ বিচারক হলেন যুক্তরাজ্যের ডাপো আকান্দে, ফ্রান্সের ফ্রাঁসোয়া আলাব্রুন, জর্ডানের মাহমুদ দাইফাল্লাহ হামুদ, সিঙ্গাপুরের রেনা লি এবং কেনিয়ার ফিবি ওকোওয়া। প্রত্যেকেই নয় বছরের জন্য বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন।
পঞ্চম আসনের জন্য নিরাপত্তা পরিষদ ইকুয়েডরের মার্সেলো ভাসকুয়েজ-বারমুদেজকে এবং সাধারণ পরিষদ কেনিয়ার ফিবি ওকোওয়াকে সমর্থন করেছিল। তবে ভাসকুয়েজ-বারমুদেজ প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার পর দুই পরিষদের সমর্থন পেয়ে চূড়ান্তভাবে নির্বাচিত হন ফিবি ওকোওয়া।
নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতের নতুন বিচারকদের মেয়াদ ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। আদালতের বিচারকাজে ধারাবাহিকতা বজায় রাখতে প্রতি তিন বছর পরপর এক-তৃতীয়াংশ বিচারক নির্বাচিত হন।
আদালতের প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, বর্তমানে আইসিজে রেকর্ডসংখ্যক ২৪টি বিরোধপূর্ণ মামলার বিচার কার্যক্রম পরিচালনা করছে।
এসব মামলার মধ্যে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও গণহত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলাও রয়েছে। এ ছাড়া রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার দায়ের করা মামলার রায় আগামী ১৯ নভেম্বর ঘোষণা করার কথা রয়েছে।