হাজিরা না দেওয়ায় পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আদালতে হাজির না হওয়ায় চিত্রনায়িকা পরীমনির জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, বুধবার মামলাটিতে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। এদিন বাদীপক্ষ আসামিদের জামিন বাতিলের আবেদন করেন। অন্যদিকে, পরীমনির আইনজীবী আদালতে সময় চেয়ে আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, অ্যালার্জিজনিত রোগে আক্রান্ত থাকায় পরীমনি আদালতে উপস্থিত হতে পারেননি। তবে উভয় পক্ষের আবেদন বিবেচনা করে আদালত বাদীপক্ষের আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে পরীমনির জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
এর আগে গত বছরের ২৬ জানুয়ারি এ মামলায় পরীমনির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন আদালত। সেদিনও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরে আদালতে আত্মসমর্পণ করে জামিন পান এই চিত্রনায়িকা।
বুধবারের নতুন আদেশের ফলে মামলাটিতে আবারও গ্রেফতারি পরোয়ানার মুখে পড়লেন পরীমনি।