বুধবার , ০৪ নভেম্বর ২০২৬
বুধবার , ০৪ নভেম্বর ২০২৬
হোম › আইন ও আদালত › দুদকের প্রেস ব্রিফ চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট, আদেশ ১১ নভেম্বর

দুদকের প্রেস ব্রিফ চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট, আদেশ ১১ নভেম্বর

favicon
ভোরের আলো ডেস্ক:
দুদকের প্রেস ব্রিফ চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট, আদেশ ১১ নভেম্বর

অনুসন্ধান পর্যায়ে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংবাদ সম্মেলন বা প্রেস ব্রিফ চ্যালেঞ্জ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার করা রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী ১১ নভেম্বর দিন ধার্য করেছেন হাইকোর্ট।


বুধবার (৪ নভেম্বর) বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ দিন নির্ধারণ করেন।


পরে আসিফ মাহমুদের আইনজীবী ইউসুফ আলী সাংবাদিকদের বলেন, দুদকের ২০১১ সালের তথ্য অবমুক্তকরণ নীতিমালা অনুযায়ী, চলমান অনুসন্ধানের বিষয়ে সংবাদ সম্মেলন করার সুযোগ নেই।


মামলার বিবরণ অনুযায়ী, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে গত ২ ও ১৩ সেপ্টেম্বর দুই দফায় প্রেস ব্রিফ করেন দুদকের উপপরিচালক ও সহকারী পরিচালকরা।


দুদকের এসব প্রেস ব্রিফের বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৮ সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।


পরদিন হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেন। পরে আবেদনটি হাইকোর্টের বর্তমান বেঞ্চে উপস্থাপন করা হয়।


বুধবার এ রিটের ওপর শুনানি শেষ হয়। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুবুর রহমান খান। আগামী ১১ নভেম্বর এ বিষয়ে আদালতের আদেশ জানা যাবে।