শনিবার , ০৭ নভেম্বর ২০২৬
শনিবার , ০৭ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › জন্মদিনে অভিষেকের বাড়িতে হামলার অভিযোগ, অস্বীকার বিজেপির

জন্মদিনে অভিষেকের বাড়িতে হামলার অভিযোগ, অস্বীকার বিজেপির

favicon
ভোরের আলো ডেস্ক:
জন্মদিনে অভিষেকের বাড়িতে হামলার অভিযোগ, অস্বীকার বিজেপির

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার কালীঘাটে নিজের বাড়িতে হামলার অভিযোগ তুলেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অভিষেক ব্যানার্জি। শনিবার (৭ নভেম্বর) ভোরে একদল দুষ্কৃতকারী তাঁর বাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় বিজেপির কর্মীদের দায়ী করেছেন তৃণমূলের এই নেতা। তবে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অভিষেক জানান, টানা দুই দিন নজরদারির পর রাত ২টার দিকে তাঁর বাড়িতে হামলা চালানো হয়। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে সেটি দেখার আহ্বানও জানান তিনি।


পোস্টে অভিষেক বলেন, একজন নির্বাচিত সংসদ সদস্যের সঙ্গেই যদি এমন ঘটনা ঘটতে পারে, তাহলে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের নিরাপত্তার পরিস্থিতি সহজেই অনুমান করা যায়।


গত ছয় মাসে তাঁর ওপর এটি সপ্তমবারের মতো প্রাণনাশের চেষ্টা বলেও দাবি করেন অভিষেক। তাঁর অভিযোগ, এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশের কোনো পদক্ষেপ দেখা যায়নি। বিচার বিভাগের পক্ষ থেকেও কোনো হস্তক্ষেপ করা হয়নি। বিচার বিভাগের নীরবতার কারণে রাজ্যজুড়ে দুষ্কৃতকারীরা তাণ্ডব চালানোর সুযোগ পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।


বিচার বিভাগের উদ্দেশে কটাক্ষ করে অভিষেক লেখেন, ‘বিচারপতি মহোদয়গণ, নীরব দর্শক হয়ে থাকার জন্য আপনাদের ধন্যবাদ!’


ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে অভিষেক ব্যানার্জির জন্মদিন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানাতে অনুসারীরা কালীঘাটের বাড়ির সামনে জড়ো হন। এ সময় সেখানে উপস্থিত কয়েকজন বিজেপি কর্মী ‘চোর’ স্লোগান দেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সংঘর্ষ ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।


পরে বাড়ির বাইরে এসে নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন অভিষেক। এ সময় তিনি অভিযোগ করেন, হামলা চালিয়ে তাঁকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। সেখানে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদেরও বিজেপি কর্মীরা মারধর করেছেন বলে দাবি করেন তিনি।


তবে অভিষেকের অভিযোগকে ‘মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা’ বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষ। শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কোনো রাজনীতিকের জন্মদিন ফুটপাতে পালন করার ঘটনা এই প্রথম দেখলেন তিনি। কেউ অশান্তি সৃষ্টির চেষ্টা করলে তার পাল্টা প্রতিক্রিয়া আসতে পারে বলেও মন্তব্য করেন দিলীপ ঘোষ।


তিনি আরও বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মারার মতো সময় কারও নেই। তাদের আর কিছু বলার বা করার নেই বলেই এ ধরনের ইস্যু তুলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।