মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান
মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। হুতি গোষ্ঠীর হামলার ক্রমবর্ধমান ঝুঁকি এবং ইরানের হুমকির কথা উল্লেখ করে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় মার্কিন পররাষ্ট্র দপ্তর এ সতর্কতা জারি করে।
বার্তায় বলা হয়, মধ্যপ্রাচ্যে হুতি গোষ্ঠীর হামলার ঝুঁকি বাড়ছে। পাশাপাশি ইরানের পক্ষ থেকেও হুমকি রয়েছে। মার্কিন সরকারি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার প্রচেষ্টা চালাচ্ছে ইরান বলেও সতর্কবার্তায় দাবি করা হয়েছে।
এ ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণকারীদের সম্ভাব্য বিভিন্ন বিঘ্নের বিষয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ফ্লাইট বাতিল, আকাশপথ বন্ধ হয়ে যাওয়া এবং ভ্রমণসংক্রান্ত অন্যান্য জটিলতার আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে।
এসব পরিস্থিতি বিবেচনায় মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে এবং ভ্রমণের ক্ষেত্রে সম্ভাব্য পরিবর্তনের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।