শনিবার , ০৭ নভেম্বর ২০২৬
শনিবার , ০৭ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › ট্রাম্পের পরাজয়ে বলসোনারোকে ‘অপয়া’ বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট

ট্রাম্পের পরাজয়ে বলসোনারোকে ‘অপয়া’ বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট

favicon
ভোরের আলো ডেস্ক:
ট্রাম্পের পরাজয়ে বলসোনারোকে ‘অপয়া’ বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের জন্য ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী ফ্লাভিও বলসোনারোকে দায়ী করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। বলসোনারোকে ‘অপয়া’ বা ‘কুফা’ আখ্যা দিয়ে তিনি কটাক্ষ করে বলেছেন, তার যুক্তরাষ্ট্রে যাওয়ার পরই ডোনাল্ড ট্রাম্পের দল নির্বাচনে হেরে গেছে। একই সঙ্গে আইনি জটিলতা এড়াতে বলসোনারো যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছেন বলেও অভিযোগ করেছেন লুলা।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) ব্রাজিলের আইনপ্রণেতা আন্দ্রে জানোনেসের সঙ্গে এক সরাসরি ইউটিউব আলোচনায় অংশ নিয়ে এসব মন্তব্য করেন লুলা। ব্রাজিলের বিভিন্ন সংবাদমাধ্যমে তার বক্তব্য প্রকাশিত হয়েছে।


লুলা বলেন, ‘সে অপয়া। তার কারণেই ট্রাম্প হেরেছেন। সে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পরই ট্রাম্প হেরে গেলেন।’


গত ২৫ অক্টোবর ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় লুলার কাছে পরাজিত হন ফ্লাভিও বলসোনারো। ওই নির্বাচনে জয়ী হয়ে চতুর্থবারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন লুলা।


ফ্লাভিও বলসোনারো ব্রাজিলের সিনেটর এবং দেশটির সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছেলে। নির্বাচনে পরাজয়ের পর তিনি যুক্তরাষ্ট্রের মিয়ামিতে চলে যান। সে সময় তার বিরুদ্ধে দুর্নীতি, অর্থপাচার ও কর ফাঁকির অভিযোগে তদন্ত চলছিল।


বলসোনারোর যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন লুলা। তার অভিযোগ, আইনি জটিলতা এড়ানো এবং সম্ভাব্য সুরক্ষা পাওয়ার আশায় দেশ ছেড়েছেন তার সাবেক প্রতিদ্বন্দ্বী। তবে শেষ পর্যন্ত তাকে ব্রাজিলে ফিরে চলমান আইনি মামলাগুলোর মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছেন তিনি।


ব্রাজিলের সংবাদ সংস্থা এজেন্সিয়া এস্তাদোর বরাতে লুলার বক্তব্যে বলা হয়, ‘সে সেখানে সুরক্ষা পাওয়ার আশায় গেছে। দেখা যাক, কী ধরনের সুরক্ষা সে পায়। তোমার বিরুদ্ধে যেসব আইনি মামলা রয়েছে, সেগুলোর মুখোমুখি হতে তোমাকে ব্রাজিলে ফিরতেই হবে।’


এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর লুলার এ মন্তব্য সামনে আসে। ওই নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিশ্চিত করে ডেমোক্র্যাটরা। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন রিপাবলিকান পার্টি বড় ধরনের রাজনৈতিক ধাক্কার মুখে পড়ে।


অন্যদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন ফ্লাভিও বলসোনারো। কোনো প্রমাণ উপস্থাপন না করেই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন তিনি।


সূত্র: আনাদুলু এজেন্সি।