শেখ হাসিনা বোকার স্বর্গে বাস করছেন: রিজভী
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে কোনো অনুশোচনা বা অনুতাপ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তার মতে, শেখ হাসিনার বর্তমান অবস্থান অনেকটা বোকার স্বর্গে বাস করার মতো।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, শেখ হাসিনা কল্পনার জগতে বাস করছেন এবং দিবাস্বপ্ন দেখছেন। তিনি মনে করছেন, পার্শ্ববর্তী দেশ তাকে বাংলাদেশে ফিরিয়ে দেবে এবং দেশের ১৮ কোটি মানুষ তার প্রত্যাবর্তন মেনে নেবে। এরপর আবারও আগের মতো ফ্যাসিবাদী শাসনব্যবস্থা চালু করবেন।
বিএনপির এই নেতা আরও বলেন, শেখ হাসিনা মনে করছেন, তার নিয়ন্ত্রণাধীন পুলিশ ও র্যাব বাহিনীকে ব্যবহার করে আবারও দেশের মানুষের ওপর দমন-পীড়ন চালাতে পারবেন এবং হারানো ক্ষমতা ও রাজত্ব ফিরে পাবেন।
রিজভী বলেন, হেলিকপ্টার থেকে গুলি চালানোর পরও শেখ হাসিনা কীভাবে দেশে ফিরে আসার প্রত্যাশা করছেন, তা বোধগম্য নয়। তার এমন চিন্তাভাবনা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। তিনি মূলত বোকার স্বর্গে বাস করছেন।