শ্রমিক আন্দোলনকে ইস্যু বানিয়ে দেশ অস্থিতিশীলের চেষ্টা চলছে: গোলাম পরওয়ার
চলমান শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তাঁর দাবি, এ পরিস্থিতিকে কাজে লাগিয়ে বাইরের শক্তি অশুভ উদ্দেশ্য বাস্তবায়নের পাঁয়তারা করছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের ক্ষেত্রে সরকার দলীয়করণ করেছে, যা সম্পূর্ণ অনুচিত। শিল্প ও শ্রমিক একে অপরের পরিপূরক উল্লেখ করে তিনি বলেন, শিল্প বাঁচলে দেশ বাঁচবে, আবার শ্রমিক বাঁচলেই শিল্প টিকে থাকবে। তাই শিল্পমালিক ও শ্রমিকদের মধ্যকার যেকোনো সমস্যা ভারসাম্যপূর্ণভাবে সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
আন্দোলন দমনের নামে শ্রমিকদের ওপর পুলিশ অমানবিক আচরণ করেছে বলেও অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উসকানিদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
একই সঙ্গে কোনো সাধারণ শ্রমিক যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। পাশাপাশি শিল্পের ক্ষতি হয় কিংবা দেশের অর্থনীতির চাকা থমকে যায়—এমন আন্দোলন থেকে বিরত থাকতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি।