বুধবার , ০৪ নভেম্বর ২০২৬
বুধবার , ০৪ নভেম্বর ২০২৬
হোম › রাজনীতি › শ্রমিকদের ন্যায্য দাবি বিবেচনায় দ্রুত বেতন কাঠামো পুনর্বিন্যাসের আহ্বান শফিকুর রহমানের

শ্রমিকদের ন্যায্য দাবি বিবেচনায় দ্রুত বেতন কাঠামো পুনর্বিন্যাসের আহ্বান শফিকুর রহমানের

favicon
ভোরের আলো ডেস্ক:
শ্রমিকদের ন্যায্য দাবি বিবেচনায় দ্রুত বেতন কাঠামো পুনর্বিন্যাসের আহ্বান শফিকুর রহমানের

শ্রমিকদের ন্যায্য দাবি বিবেচনায় নিয়ে দ্রুত বেতন কাঠামো পুনর্বিন্যাসের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, শিল্পের স্বার্থ রক্ষা করতে হলে শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে দেরি হলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে।


বুধবার (৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।


জামায়াত আমির বলেন, গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকেরা বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে আন্দোলন করছেন। এরই মধ্যে আন্দোলনের কারণে অনেক শিল্পকারখানা বন্ধ রাখতে হয়েছে। কোথাও কোথাও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।


তিনি বলেন, পোশাকশিল্প দেশের প্রধান রপ্তানি খাত। এ খাতে বড় ধরনের বিপর্যয় দেখা দিলে সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে স্বল্প বেতনে শ্রমিকদের জীবনযাপন ক্রমেই কঠিন হয়ে পড়েছে।


শফিকুর রহমান আরও বলেন, শ্রমিকদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে মালিক ও শ্রমিক উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত বেতন কাঠামো পুনর্বিন্যাস করা প্রয়োজন ছিল। কিন্তু সরকার এখনো এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেনি।


সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শিল্প বাঁচলে দেশ বাঁচবে, কিন্তু এটাও ঠিক যে শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে।’ শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। এ ক্ষেত্রে বিলম্ব হলে পরিস্থিতির ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে।


তিনি আরও বলেন, এ ধরনের পরিস্থিতিতে সুযোগসন্ধানী মহল বিভিন্নভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। তাই সরকার ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার পাশাপাশি সতর্কতার পরিচয় দিতে হবে।


এ সময় গাজীপুরে শ্রমিক হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবিও জানান বিরোধীদলীয় নেতা।