সিউলে আইক্যাপের অধিবেশনে যোগ দিচ্ছে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদল
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিতব্য এশীয় রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (আইক্যাপ) ১৩তম সাধারণ অধিবেশনে অংশ নিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের একটি প্রতিনিধিদল।
আগামী ৪ থেকে ৭ নভেম্বর পর্যন্ত এ অধিবেশন অনুষ্ঠিত হবে। সম্মেলনে এনসিপির প্রতিনিধিদলে থাকছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ।
অধিবেশনে অংশগ্রহণের পাশাপাশি প্রতিনিধিদলের সদস্যরা বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন।
এবারের সম্মেলনে ৩৯টি দেশের ৯২টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেবেন। দক্ষিণ কোরিয়ার প্রধান দুটি রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি অব কোরিয়া ও পিপল পাওয়ার পার্টি সম্মেলনটির সহ-আয়োজক হিসেবে দায়িত্ব পালন করছে।
সম্মেলনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ, অভিজ্ঞতা বিনিময়, গণতন্ত্র, সুশাসন ও আঞ্চলিক সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ২০০০ সালের সেপ্টেম্বরে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আইক্যাপ প্রতিষ্ঠিত হয়। এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বাড়ানো এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য।
রাজনৈতিক আদর্শ কিংবা সরকার ও বিরোধী দলে অবস্থানের ভিন্নতা থাকলেও দলগুলোর মধ্যে যোগাযোগ এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে আসছে আইক্যাপ।