বৃহস্পতিবার , ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ০৫ নভেম্বর ২০২৬
হোম › রাজনীতি › সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস

সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস

favicon
ভোরের আলো ডেস্ক:
সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম সাদেক হোসেন খোকাকে রাজপথের খাঁটি যোদ্ধা হিসেবে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, খোকা কম হাসতেন, তবে তাঁর কথাবার্তা ও আন্তরিকতা সহজেই মানুষকে আপন করে নিত। তিনি ছিলেন অত্যন্ত সহজ-সরল ও বড় মনের মানুষ।


বুধবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর গোপীবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন মির্জা আব্বাস। খোকার সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


স্মৃতিচারণা করতে গিয়ে মির্জা আব্বাস বলেন, তাঁদের বাড়ি ছিল পাশাপাশি এলাকায়। তিনি শাহজাহানপুরের বাসিন্দা ছিলেন, আর সাদেক হোসেন খোকা থাকতেন গোপীবাগে। একসময় তাঁরা একে অপরের সঙ্গী ও রাজনৈতিক সহযোদ্ধা হয়ে ওঠেন।


মুক্তিযুদ্ধের দিনগুলো থেকে শুরু করে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন—বিভিন্ন সময়ে তাঁরা একসঙ্গে কাজ করেছেন উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, হাতে হাত রেখে এতগুলো বছর কীভাবে পার হয়ে গেল এবং তাঁদের বয়স কীভাবে বেড়ে গেল, তা এখন ভাবতে কষ্ট হয়।


তিনি আরও বলেন, সাদেক হোসেন খোকা ও তাঁর জীবনের নানা ঘটনা নিয়ে লিখতে বসলে আস্ত একটি বই হয়ে যাবে।


রাজনৈতিক জীবনের স্মৃতি তুলে ধরে মির্জা আব্বাস বলেন, রাজনীতিতে তাঁদের মধ্যে মতপার্থক্য ও ঝগড়া হলেও দিনশেষে বিএনপির আদর্শ এবং মানুষের জন্য তাঁরা একসঙ্গে কাজ করেছেন। রাজনীতির নানা পরিবর্তনের মধ্য দিয়ে তাঁরা পথ চলেছেন।


খোকার অনুপস্থিতি স্মরণ করে তিনি বলেন, আজ তিনি তাঁদের মাঝে নেই। বেঁচে থাকলে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে হয়তো আরও অনেক ভালো কিছু হতে পারত।


স্মরণসভা ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য এবং সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিনসহ দলীয় নেতাকর্মীরা।