বুধবার , ১১ নভেম্বর ২০২৬
বুধবার , ১১ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › এক সপ্তাহের সফরে ১৩ নভেম্বর যুক্তরাজ্যে যাচ্ছেন নাহিদ ইসলাম

এক সপ্তাহের সফরে ১৩ নভেম্বর যুক্তরাজ্যে যাচ্ছেন নাহিদ ইসলাম

favicon
ভোরের আলো ডেস্ক:
এক সপ্তাহের সফরে ১৩ নভেম্বর যুক্তরাজ্যে যাচ্ছেন নাহিদ ইসলাম

এক সপ্তাহের সফরে আগামী ১৩ নভেম্বর যুক্তরাজ্যে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এনসিপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক হিসেবে এটিই তার প্রথম যুক্তরাজ্য সফর।


বুধবার (১১ নভেম্বর) এনসিপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সফরে নাহিদ ইসলামের সঙ্গে থাকবেন দলের যুগ্ম সদস্য সচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ।


এর আগে গত ৯ নভেম্বর পূর্ব লন্ডনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সফরের বিষয়টি নিশ্চিত করেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক।


তিনি জানান, সফরকালে নাহিদ ইসলাম ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।


এসব বৈঠকে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, মানবাধিকার সুরক্ষা এবং টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।


এনসিপির তথ্য অনুযায়ী, সফরকালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশেও বক্তব্য দেবেন নাহিদ ইসলাম। সেখানে তিনি জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা ও ঘটনাবলি তুলে ধরবেন।


এহতেশাম হক জানান, সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনায় জুলাই গণহত্যার বিচার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নির্বিচার দলীয়করণের প্রভাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় স্থান পাবে।


এ ছাড়া যুক্তরাজ্যে বসবাসরত ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন নাহিদ ইসলাম। তাদের অভিজ্ঞতা, অবদান ও প্রত্যাশা জানার বিষয়টিও সফরে বিশেষ গুরুত্ব পাবে।


এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৬ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।