মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বিদ্যমান আইন মেনেই সিদ্ধান্ত: নয়াদিল্লি

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বিদ্যমান আইন মেনেই সিদ্ধান্ত: নয়াদিল্লি

favicon
ভোরের আলো ডেস্ক:
শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বিদ্যমান আইন মেনেই সিদ্ধান্ত: নয়াদিল্লি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অংশ বলে জানিয়েছে ভারত। বিদ্যমান আইন ও আইনি কাঠামো অনুসরণ করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে পুনর্ব্যক্ত করেছে দেশটি।


মঙ্গলবার (১০ নভেম্বর) নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।


সংবাদ সম্মেলনে পাসপোর্ট ছাড়া কোনো ব্যক্তিকে প্রত্যর্পণ করা সম্ভব কি না, এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে পাসপোর্ট অথবা ভ্রমণের অনুমতিপত্র প্রয়োজন হয়। তবে প্রত্যর্পণের পুরো বিষয়টি আইনি দিক বিবেচনা করেই নিষ্পত্তি করা হবে।


এদিকে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করার বিষয়ে প্রশ্ন করা হলে সরাসরি কোনো মন্তব্য করেননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এ বিষয়ে তথ্য জানতে তিনি সাংবাদিকদের ঢাকা কিংবা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।


বাংলাদেশে সরকার পরিবর্তনের পর শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ঢাকার পক্ষ থেকে করা আবেদন নিয়েও সংবাদ সম্মেলনে একাধিক প্রশ্নের মুখে পড়েন জয়সওয়াল। তবে প্রতিবারই তিনি ভারতের আগের অবস্থান তুলে ধরে বিষয়টিকে আইনি প্রক্রিয়ার আওতাধীন বলে উল্লেখ করেন।


অন্যদিকে, গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার বিষয়ে জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ ধরনের বিষয় নিয়ে যৌথ নদী কমিশনের (জেআরসি) নির্ধারিত কাঠামোর মধ্যেই আলোচনা হয়ে থাকে। এ বিষয়ে আপাতত নতুন কোনো তথ্য নেই।


এ ছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের সময়সূচি নিয়েও কোনো হালনাগাদ তথ্য নেই বলে জানান তিনি।