শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন পাওয়ার খবর নাকচ হাইকমিশনের
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য কোনো আবেদন করেননি বলে জানিয়েছে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। তবে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের কাছ থেকে এ বিষয়ে একটি ই-মেইল পাওয়ার কথা স্বীকার করেছে সংস্থাটি।
সোমবার (৯ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে হাইকমিশন এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো ই-মেইলে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানানো হয়েছে। তবে অনুরোধটি আদৌ সঠিক কি না, সে বিষয়ে নিশ্চিত নয় হাইকমিশন। এটি শেখ হাসিনার পক্ষ থেকেই পাঠানো হয়েছে, এমনটি নিশ্চিত হওয়ারও কোনো উপায় নেই বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, আইনজীবী প্রতিষ্ঠানটির ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমোদনসংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র সংযুক্ত ছিল না।
তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রাপ্ত ই-মেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন।