সোমবার , ০৯ নভেম্বর ২০২৬
সোমবার , ০৯ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › দেশে ফেরার পরিকল্পনা, নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার

দেশে ফেরার পরিকল্পনা, নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার

favicon
ভোরের আলো ডেস্ক:
দেশে ফেরার পরিকল্পনা, নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। আগামী ডিসেম্বর মাসে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে তিনি এ উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


সোমবার (৯ নভেম্বর) প্রকাশিত রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর আবেদনসংক্রান্ত একটি চিঠি তাদের হাতে এসেছে। ২০২৪ সালের আগস্টে বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার পর এটিই তার পক্ষ থেকে এ ধরনের প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ।


লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা চিঠিটি পাঠিয়েছেন। দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো ওই চিঠিতে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে।


চিঠিতে উল্লেখ করা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট এবং এনআইডি বাতিল করেছে বলে জানা গেছে। বাংলাদেশের নাগরিক হিসেবে তার অধিকার এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বাধ্যবাধকতার কথা বিবেচনায় নিয়ে দ্রুত নতুন পরিচয়পত্র দুটি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন আইনজীবীরা।


তবে এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের দূতাবাস কিংবা ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।


২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছাড়ার পর বাংলাদেশ থেকে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি দেশটিতে অবস্থান করছেন।


২০২৫ সালের নভেম্বরে আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন।


শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তার দল আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। দলটির অনেক নেতা-কর্মী কারাগারে রয়েছেন, অন্যদিকে অনেকে ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন।


রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টি নিয়ে ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে তার দেশে ফেরার উদ্যোগ দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও নতুন প্রভাব ফেলতে পারে।


তবে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করা হলেও শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি এখনো নিশ্চিত নয়। আবেদন দুটি অনুমোদন পাবে কি না, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।