শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদন যাচাই হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য করা আবেদনের সত্যতা এখনও যাচাই করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিষয়টি নিয়ে পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় প্রয়োজনীয় খোঁজখবর নিচ্ছে বলেও জানান তিনি।
সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন আইনগতভাবে কতটা গ্রহণযোগ্য, তা খতিয়ে দেখা হচ্ছে। আবেদনটি যথাযথ প্রক্রিয়ায় করা হয়েছে কি না এবং তার আবেদন করার আইনগত অধিকার রয়েছে কি না, সেসব বিষয়ও পর্যালোচনা করা হবে।
তিনি বলেন, পাসপোর্ট আইন, নাগরিকত্ব আইন এবং জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত বিধিবিধান পর্যালোচনা করে পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় এ বিষয়ে বক্তব্য দেবে।
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে বলা যায়, তিনি যে দেশে আশ্রয় নিয়েছেন, সেই দেশের কাছে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফেরত আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি পাঠানো হয়েছে। আইন অনুযায়ী তাকে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পতিত শক্তি দেশে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে মাঝেমধ্যে বিভিন্ন বাস ও স্থাপনায় হামলা চালাচ্ছে বলে তারা লক্ষ্য করছেন।
এসব ঘটনায় পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে জানিয়ে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।