‘ইকবাল হোসাইনকে কুষ্টিয়ায় ঢুকতে দেব না’, প্রতিমন্ত্রীকে আমির হামজার হুঁশিয়ারি
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইনকে কুষ্টিয়ায় প্রবেশ করতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মুফতি আমির হামজা। একই সঙ্গে চলমান সংসদ অধিবেশনে প্রতিমন্ত্রীর বিষয়ে বিভিন্ন তথ্য প্রকাশ করারও ঘোষণা দিয়েছেন তিনি।
গত ৭ নভেম্বর দিবাগত রাতে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় একটি ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন আমির হামজা। পরে তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভাইরাল ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, প্রতিমন্ত্রী ইকবাল হোসাইন প্রশাসনকে ব্যবহার করে ৭ নভেম্বর শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ হাফিজিয়া মাদরাসার তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ করে দিয়েছেন।
তিনি বলেন, প্রতিমন্ত্রীর যদি সারা বাংলাদেশে যাওয়ার অধিকার থাকে, তাহলে তারও সেই অধিকার রয়েছে। এ সময় ইকবাল হোসাইনকে কুষ্টিয়ায় প্রবেশ করতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে সংসদে তার বিষয়ে সবকিছু প্রকাশ করার কথা বলেন তিনি।
অভিযোগ অস্বীকার আয়োজক কমিটির
তবে আমির হামজার অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে মাহফিল আয়োজক কমিটি।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ চত্বরে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে কমিটির সদস্য হাফেজ মো. সোহেল রানা জানান, অনিবার্য কারণবশত কমিটির নিজস্ব সিদ্ধান্তে গত ১ নভেম্বর মাহফিলটি সাময়িকভাবে স্থগিত করা হয়। পরদিন ২ নভেম্বর লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আমির হামজার ব্যক্তিগত সহকারীকে (পিএস) জানানো হয়েছিল।
তিনি দাবি করেন, মাহফিল স্থগিতের সিদ্ধান্তের সঙ্গে স্থানীয় সংসদ সদস্য কিংবা বিএনপির কোনো সম্পৃক্ততা নেই।
আয়োজক কমিটি ও স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকে একটি বিশেষ মহলের ইন্ধনে সরকারকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে এ ধরনের বক্তব্য দেওয়া হয়েছে।
যা বলছে পুলিশ
এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, মাহফিল বন্ধের পেছনে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই। আয়োজক কমিটি নিজেরাই অনুষ্ঠানটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিল।
এদিকে একই ঘটনা নিয়ে আমির হামজার অভিযোগ এবং আয়োজক কমিটির বক্তব্যে ভিন্নতা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক ও স্থানীয় মহলে আলোচনা চলছে।