সোমবার , ০৯ নভেম্বর ২০২৬
সোমবার , ০৯ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › বিমানে নয়, খাঁচায় আসতে হবে শেখ হাসিনাকে, সেটি প্রস্তুত: আসিফ মাহমুদ

বিমানে নয়, খাঁচায় আসতে হবে শেখ হাসিনাকে, সেটি প্রস্তুত: আসিফ মাহমুদ

favicon
ভোরের আলো ডেস্ক:
বিমানে নয়, খাঁচায় আসতে হবে শেখ হাসিনাকে, সেটি প্রস্তুত: আসিফ মাহমুদ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে কড়া মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, শেখ হাসিনাকে বিমানে নয়, খাঁচায় করে দেশে আসতে হবে। এ জন্য খাঁচাও প্রস্তুত রয়েছে।


সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টা ২৪ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।


পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘পাসপোর্ট লাগবে না আপা। বিমানে নয়, খাঁচায় আসতে হবে। আর সেটা রেডি আছে।’


মূলত, নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য শেখ হাসিনার আবেদনের খবর প্রকাশের পরিপ্রেক্ষিতে তিনি এ প্রতিক্রিয়া জানান।


বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার শেখ হাসিনার আইনজীবীরা এ বিষয়ে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে একটি চিঠি পাঠিয়েছেন। লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি দেন।


চিঠিতে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে। এ অবস্থায় তার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।


এ ছাড়া বাংলাদেশের নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির বাধ্যবাধকতার কথা উল্লেখ করে আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির আহ্বান জানান আইনজীবীরা।


এদিকে, রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছেন, তিনি আদালতে আত্মসমর্পণ করতে বাংলাদেশে ফিরতে চান। তার দলের সহযোগীরাও জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর দেশে ফেরার তারিখ ঘোষণা করা হবে।


শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এনসিপির অবস্থান তুলে ধরে দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম বলেন, গণহত্যার অভিযোগে অভিযুক্ত এবং দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাকে বন্দিবিনিময় চুক্তির আওতায় ফিরিয়ে আনতে হবে। তিনি আরও উল্লেখ করেন, শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।